পাবনায় সংসদ সদস্যের নাম ব্যবহার করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার হাটখালী বাজার মসজিদের টাকা আত্মসাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানাকে মারধর ও পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে| এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে|
ভুক্তভোগী সাংবাদিক সেলিম মোর্শেদ রানা জানান, হাটখালী বাজার মসজিদের একটি উন্নয়ন প্রকল্পের অর্থ কাজ না করে আত্মসাৎ করার বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে একটি প্রতিবাদমূলক স্ট্যাটাস দেন| এর জের ধরে উক্ত প্রকল্প উত্তোলনকারী শুকুর শেখের ভাই হাটখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল মান্নান সাংবাদিক সেলিম মোর্শেদ রানার মুঠোফোনে হুমকি দেন|
এছাড়াও একটি অডিও রেকর্ডিং-এ দেখা যায়, আব্দুল মান্নান পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিবের নাম ব্যবহার করে সাংবাদিক রানাকে মেরে পুলিশে দেওয়ার কথা বলেছেন|
বিষয়টি নিয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেন, “কারো নাম ব্যবহার করে কেউ হুমকি দিলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির| সাংবাদিক রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই সে ভালো সংবাদ পরিবেশন করে| যদি আমার দলের কেউ কোনো সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে থাকে, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, রানা আইনগত ব্যবস্থা নিলে আমি সহযোগিতা করব|”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান এ বিষয়ে জানান, নির্দিষ্ট অর্থবছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন না হলে নিয়ম অনুযায়ী সেই অর্থ ফেরত নেওয়া হবে, কেউ কাজ না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
অন্যদিকে, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, “আমরা অভিযোগ পেয়েছি, ২টি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই দেখতে পেয়েছি, বিষয়টি আরো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে| তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে|”
সংবাদকর্মীকে সংবাদ প্রকাশের জেরে এভাবে এমপির নাম ভাঙিয়ে হুমকি দেওয়ায় জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে| পাবনার সাংবাদিকদের দাবি দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন|
আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০
